নিরাপত্তা শঙ্কায় বাতিল বিপিএল দ্বাদশ আসরের জমকালো উদ্বোধন।


 নিরাপত্তা শঙ্কায় বাতিল বিপিএল দ্বাদশ আসরের জমকালো উদ্বোধন

স্পোর্টস ডেস্ক:


দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের দ্বাদশ আসরের নির্ধারিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে পুরোপুরি বাতিল না করে ম্যাচের দিন সংক্ষিপ্ত পরিসরে একটি আনুষ্ঠানিক আয়োজন রাখা হচ্ছে।


সোমবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রংপুর রাইডার্স–বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত হয়ে বিষয়টি নিশ্চিত করেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।

আগামী ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হচ্ছে বিপিএলের এবারের আসর। এ বিষয়ে ইফতেখার রহমান বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বেশ চ্যালেঞ্জিং হওয়ায় বারবার পরিকল্পনা পরিবর্তন করতে হচ্ছে। সে কারণেই ২৪ ডিসেম্বরের নির্ধারিত উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন সম্ভব হয়নি। পরিবর্তে ২৬ ডিসেম্বর ম্যাচের দিন সংক্ষিপ্ত উদ্বোধনী আয়োজন করা হবে।


তিনি জানান, অনুষ্ঠানে বিপিএলের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে নিহত ওসমান হাদীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে।

সংক্ষিপ্ত আয়োজনের অংশ হিসেবে থাকছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও। দুটি ম্যাচের মধ্যবর্তী বিরতিতে মাঠে অস্থায়ী মঞ্চে আঞ্চলিক গানের একটি ছোট কনসার্ট অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচের আগে জুমার নামাজ শেষে দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হয়ে ১৫ মিনিটের মধ্যেই অনুষ্ঠান শেষ করার পরিকল্পনা রয়েছে।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, বিপিএলের 


উদ্বোধনী ম্যাচ শুরু হবে দুপুর ৩টায়। এতে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস।


Previous Post
No Comment
Add Comment
comment url